চলমান আন্দোলনের নতুন কর্মসূচী
১৪ নভেম্বর রাজধানীতে মহাসমাবেশ, ঢাকা থেকে ৪ বিভাগে লংমার্চও করবে ১১ দলীয় ঐক্য!
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জ্বালানি তেল ও গ্যাস-সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির অভিযোগে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিসহ জোটের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির কথা জানান।
অবিলম্বে গণহত্যার বিচার বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তারা।
ঘোষণা অনুযায়ী, ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে, ১৯ই সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ই অক্টোবর ঢাকা থেকে খুলনা, ২৪শে অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ এবং ১৪ই নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে।

| ২ নভেম্বর ২০২৬









