মিরসরাইয়ের কৃতি সন্তান আলোর পথিক ও প্রেরণার বাতিঘর মাওলানা মুহাম্মাদ শামসুদ্দীন রাহিমাহুল্লাহ্!
আমাদের মিরসরাইয়ের কৃতি সন্তান আলোর পথিক মাওলানা মুহাম্মাদ শামসুদ্দীন (রাহ.)
⏺️ মিরসরাইয়ের উত্তর হাইতকান্দির মাটিতে ১৯৩১ সালে যাঁর জন্ম, সারাটা জীবন তিনি আপন করে নিয়েছিলেন চট্টগ্রামকে। শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবার আলোয় তিনি আলোকিত করেছেন শুধু এই শহর নয়, পুরো বাংলাদেশ এবং বিশ্বের নানা প্রান্তকে।
⏺️ ছারছীনা আলিয়া মাদ্রাসা থেকে কামিলে প্রথম শ্রেণিতে ষষ্ঠ স্থান অধিকার করা সেই মেধাবী আলেম জ্ঞানের আলো ছড়িয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া ও ছোবহানিয়া আলিয়া মাদ্রাসায়। দীর্ঘ এক যুগ মুহাদ্দিস ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষার্থীকে। স্টেশন রোড জামে মসজিদের মিম্বর থেকে হৃদয়ে পৌঁছে দিয়েছেন দ্বীনের বাণী।
⏺️ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (ইসকপ)-এর প্রতিষ্ঠা থেকে দীর্ঘদিন ছিলেন তার কাণ্ডারি। শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট, আল জাবের ইনস্টিটিউট, জামান আনোয়ার স্কুল অ্যান্ড কলেজ ও আবু হুরায়রা মাদ্রাসা, প্রতিটি প্রতিষ্ঠানে মিশে আছে তাঁর স্বপ্ন ও সাধনা। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক, আর সিআইএমসি ও সিআইডিসি প্রতিষ্ঠায় ছিলেন একজন স্নেহশীল অভিভাবক।
⏺️ ২০১০ সালের ২৬ জানুয়ারি চট্টগ্রামের সর্বজনশ্রদ্ধেয় এই কীর্তিমান ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে যান মহান রবের সান্নিধ্যে। চৈতন্য গলির বাইশ মহল্লা কবরস্থানে শায়িত আছেন তিনি। কিন্তু তাঁর রেখে যাওয়া আলো আজও পথ দেখায় হাজারো মানুষকে।
হে আল্লাহ, আপনি মাওলানা শামসুদ্দিন (রহ)-কে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

| ২ নভেম্বর ২০২৬












