বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজনগুলোর একটি ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ইতোমধ্যে তুঙ্গে।
বাংলাদেশের দর্শকদের জন্যও এসেছে সুখবর। আসন্ন বিশ্বকাপের ম্যাচ দেশের তিনটি টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।জানা গেছে, বিটিভি, সময় টিভি এবং টি স্পোর্টসের পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। ফলে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবল অনুরাগীরা সহজেই খেলা দেখার সুযোগ পাবেন।বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে প্রতি আসরেই তৈরি হয় ব্যাপক উন্মাদনা। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন এবং পর্তুগালের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচ ঘিরে রাত জেগে খেলা দেখার সংস্কৃতি বহুদিনের। তবে এবারের আসরের সম্প্রচার নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ছিল। সম্প্রচার মাধ্যমগুলো নিশ্চিত হওয়ায় সে অপেক্ষার অবসান ঘটেছে।
এবারের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসর ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে।প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ফলে ম্যাচ সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে ১০৪-এ পৌঁছেছে। এর ফলে প্রতিযোগিতার ব্যাপ্তি ও উত্তেজনা আগের যে কোনো আসরের তুলনায় আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের অনেক দর্শকের কাছে এখনো টেলিভিশনই খেলা দেখার প্রধান মাধ্যম। বিশেষ করে গ্রামাঞ্চল এবং যেসব দর্শক অনলাইন সম্প্রচারের চেয়ে টিভি সম্প্রচারকে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন, তাদের জন্য এই সম্প্রচার ব্যবস্থা বিশেষ গুরুত্ব বহন করছে।