ঢাকা, নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ৭ দফা দাবি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মসূচি থেকে এসব দাবি তুলে ধরা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, “আমাদের টাকাকে বাঁচানোর জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও ব্যাংকের সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

ফোরামের ঘোষিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহাল, ব্যাংকের বোর্ড থেকে লুটপাটে জড়িতদের অপসারণ, ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের দখলকৃত মালিকানা ও দেশে থাকা সম্পত্তি বিক্রির মাধ্যমে অর্থ সমন্বয়, এস আলম যাতে ভবিষ্যতে কোনো ব্যাংকে প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

বক্তারা অভিযোগ করেন, ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্বল সুশাসনের কারণে সাধারণ আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

— The Dhaka Observer

.fb-background-color { background: #ffffff !important; } .fb_iframe_widget_fluid_desktop iframe { width: 320px !important; }